দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রজনতা। তারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে পদ্মাসেতু অবরোধের হুমকি দিয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গি মোড়ে শহীদ মামুন স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত মঙ্গলবার এক রাজনৈতিক সভায় অ্যাডভোকেট রুহুল আমিন আওয়ামী লীগকে ‘ওয়েলকাম’ জানান, যা তারা বিশ্বাসঘাতকতা বলে মনে করেন। তাদের দাবি, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা।’ তারা দ্রুত রুহুল আমিনের পদত্যাগ দাবি করেন এবং জানান, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে পদ্মাসেতু অবরোধ করা হবে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম শিমুল, জেলা প্রতিনিধি সাইফুল জামান খান, জেলা সদস্য কাজী তরুণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়িয়া উপজেলা শাখার সাবেক সদস্য সচিব কাউসার আহমেদ আদনান।
এমএস/