দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে তার জন্মভূমি ঝালকাঠিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘ইনসাফের কথা বলবো, আমরা সবাই হাদি হবো’ এবং ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানসহ’ নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার মুখপাত্র সাকিবুল ইসলাম রায়হান। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের এখনো আইনের আওতায় আনা হয়নি। দ্রুত বিচার নিশ্চিত না হলে জনগণ রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
এ সময় সংগঠনের ঝালকাঠি জেলা যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ঘটনার এতদিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করতে না পারা রাষ্ট্রের চরম ব্যর্থতা। আওয়ামী লীগ সরকারের আমলে যেমন খুনিরা পার পেয়ে গেছে, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তারা পালিয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে হত্যার উদ্দেশ্যে শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে তাকে দাফন করা হয়।
জে আই