দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সড়ক দুর্ঘটনা কমাতে সারাদেশে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ফিটনেসবিহীন, অতিরিক্ত ধোঁয়া নির্গত করা বা ঝক্কর ঝক্কর শব্দ উৎপন্ন করা কোনো গাড়ি সড়কে চলতে পারবে না।
শুক্রবার বগুড়ায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে বলেন, দেশের সড়ক দুর্ঘটনার ৩২ শতাংশের বয়স ৫ থেকে ২৯ বছর। এটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বড় হুমকি। তাই তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখার দায়িত্ব সকলের।
তিনি আরও বলেন, অধিকাংশ জেলায় দেখা যায় প্রায় ৬০ শতাংশ চালক হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছেন। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতির মাধ্যমে কঠোর ভূমিকা রাখতে হবে। এছাড়া, দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে লাইসেন্স দিয়ে চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রশিক্ষণে পেশাদার, ঝুঁকি এড়াতে পারদর্শী চালকদেরও কাজে লাগানো হবে।
উপ-পরিচালক (প্রশাসন) হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র রাজশাহী বিভাগীয় পরিচালক পার্কন চৌধুরী, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, সহকারী পরিচালক (ইঞ্জি) হারুন উর রশিদ, মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামসহ মোটর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারের জন্য ৫ লাখ টাকা করে এবং আহত একজনকে ১ লাখ টাকা করে, মোট ৮১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ বছর মে মাস থেকে গত ছয় মাসে জেলায় মোট ৪৯ জনকে ২ কোটি ২৭ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
এমএস/