দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাবনা খতিয়ে দেখবে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপের পর এ বিষয়ে আলোচনা করা হবে।
সুইজারল্যান্ডের গণমাধ্যম ব্লুউইনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপে ৬৪ দলের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ নিয়ে ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলো আলোচনা করবে বলেও জানান তিনি।
ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে শুধু ইউরোপ ও দক্ষিণ আমেরিকা নয়, পুরো বিশ্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত।
তিনি বলেন, বিশ্বজুড়ে দলগুলোর মান ক্রমেই উন্নত হচ্ছে। ছোট দেশগুলোকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ না দিলে তাদের উন্নতির প্রেরণা কমে যাবে।
১৯৯৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে ৩২টি দল অংশ নিয়েছে। ২০২৬ সালের আসরেই প্রথমবারের মতো দলসংখ্যা বেড়ে ৪৮ হয়েছে।
বর্তমান বিশ্বকাপের শেষ পর্যায়ে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন—এই চার দল টিকে আছে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আসরের ১০৪ ম্যাচের সূচির মধ্যে এখন সেমিফাইনাল ও ফাইনাল বাকি রয়েছে।
৪৮ দলের বর্তমান ফরম্যাটকে ‘বড় সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন ইনফান্তিনো। তিনি বলেন, সব মহাদেশের দলগুলোই ভালো পারফরম্যান্স করেছে, গোল করেছে এবং অন্তত একটি করে পয়েন্ট পেয়েছে।
তিনি আরও বলেন, আফ্রিকার ১০ দলের মধ্যে ৯টি দল নকআউট পর্বে উঠেছে, যেখানে আগের বিশ্বকাপে আফ্রিকা থেকে মাত্র পাঁচটি দল পরবর্তী পর্বে যেতে পেরেছিল। তার মতে, সব দলকে সুযোগ দেওয়ার গুরুত্ব এখানেই প্রমাণিত হয়েছে।
২০৩০ সালের বিশ্বকাপ হবে বহু মহাদেশে আয়োজিত একটি বিশেষ আসর। প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর মূল আয়োজন হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে।
৬৪ দলের ফরম্যাট চালু হলে দক্ষিণ আমেরিকার দেশগুলো শুধু একটি ম্যাচ আয়োজনের বদলে চার দলের একটি করে গ্রুপের ম্যাচ আয়োজনের সুযোগ পেতে পারে।
সূত্র: আল-জাজিরা
/অ