দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব বাস্তবায়ন হলে ফিফার সব প্রতিযোগিতা বর্জনের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
বৃহস্পতিবার সংস্থাটির ৫৫টি সদস্য দেশের সর্বসম্মত সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়।
এক জরুরি ভার্চ্যুয়াল বৈঠক শেষে উয়েফা জানায়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনার প্রতিবাদে তারা ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না।
বিবৃতিতে উয়েফা বলেছে, ‘এই প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত এবং ভবিষ্যতে ফিফার পরিচালনা বা প্রতিযোগিতায় কখনোই বেসরকারি মালিকানা আনা হবে না—এমন বাধ্যতামূলক নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত উয়েফাভুক্ত কোনো জাতীয় দল ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না।’
সংস্থাটি আরও বলেছে, ‘বিশ্বকাপ কোনো বিনিয়োগ পণ্য নয়। এটি ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম খেলোয়াড়, জাতীয় দল ও সমর্থকদের অবদানে গড়ে উঠেছে। এর কোনো অংশই বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত নয়। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি গোপন প্রস্তাব মঙ্গলবার প্রকাশ্যে আসে। এতে প্রায় ২ হাজার কোটি ডলারের একটি বাণিজ্যিক কাঠামো গড়ে তুলে বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার কথা বলা হয়।
প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগ প্রতিষ্ঠান হবে প্রধান বিনিয়োগকারী। প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন জশুয়া কুশনার, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
এ পরিকল্পনার অংশ হিসেবে ফিফার ২১১টি সদস্য সংস্থাকে ২ কোটি ডলার করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
এদিকে বৃহস্পতিবার ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপে অংশীদারিত্ব বিক্রির বিষয়টি একটি ‘প্রস্তাব’, এটি কোনো বাধ্যবাধকতা নয়।
এর আগে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ফিফার এ উদ্যোগে সদস্যদের সঙ্গে কোনো পরামর্শ না করাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। তার মতে, এই পদক্ষেপ ফুটবলের বিদ্যমান মহাদেশীয় কাঠামোকে দুর্বল করবে।
ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারও এই পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, ‘ফুটবল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়, এটি মানুষের।’
উয়েফার এ সিদ্ধান্তের বিষয়ে ফিফার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
/অ