দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার দাবি, এই উদ্যোগ বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নকে আরও গতিশীল করার একটি ‘সোনালি সুযোগ’।
মঙ্গলবার প্রস্তাবটি প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়ে ফিফা। সমালোচকদের আশঙ্কা, এর মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারীদের প্রভাব বাড়তে পারে।
বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) কেবল একটি প্রস্তাব। এটি গণতান্ত্রিক ও পরামর্শভিত্তিক একটি প্রক্রিয়ার অংশ। এটি একটি সুযোগ, কোনো বাধ্যবাধকতা নয়।’
তার ভাষায়, ‘বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নকে দ্রুত এগিয়ে নেওয়ার এটি একটি সোনালি সুযোগ। তবে এটি গ্রহণ করা বাধ্যতামূলক নয়।’
প্রস্তাব অনুযায়ী, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন এই সহযোগী প্রতিষ্ঠানের অধীনে ফিফার সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, টিকিট বিক্রি, লাইসেন্সিংসহ সব বাণিজ্যিক অধিকার এবং বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম একীভূত করা হবে।
ফিফা সংখ্যালঘু ও নিয়ন্ত্রণবিহীন অংশীদারিত্ব বিক্রি করে সর্বোচ্চ ৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করতে চায়। প্রতিষ্ঠানটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২০ বিলিয়ন মার্কিন ডলার।
তবে ফিফা জানিয়েছে, নতুন প্রতিষ্ঠান গঠিত হলেও ফুটবলের নিয়ম-কানুন, প্রতিযোগিতা পরিচালনা এবং আন্তর্জাতিক ম্যাচসূচির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ সংস্থাটির হাতেই থাকবে।
ইনফান্তিনো বলেন, এতদিন কাজে লাগানো হয়নি এমন বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য ফিফার ২১১টি সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের পাশাপাশি ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।
এদিকে, প্রস্তাবটি ঘিরে স্বচ্ছতা, সুশাসন এবং বিশ্বকাপের অতিরিক্ত বাণিজ্যিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটি বলেছে, ফুটবলের আত্মা ও শাসনব্যবস্থা কোনো বেচাকেনার সম্পদ নয়। এটি বিক্রি করার অধিকার ফিফার নেই।
তবে এসব সমালোচনা নাকচ করে ইনফান্তিনো বলেছেন, এই বিনিয়োগ কাঠামো ফুটবলের মৌলিক চরিত্র বদলে দেবে না। বরং অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে বিভিন্ন দেশের ফুটবল আরও বেশি উপকৃত হবে।
সূত্র:টিআরটি ওয়ার্ল্ড
যে আই