দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে নৌপথ নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সহায়তার আহ্বান প্রত্যাখ্যান করেছে জার্মানি। দেশটির সরকার জানিয়েছে, চলমান এই সংঘাত ন্যাটোর কোনো যুদ্ধ নয় এবং এতে জোটের ভূমিকা দেখছে না তারা।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের মুখপাত্র বলেন, ‘এই যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। এটি ন্যাটোর যুদ্ধ নয়।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অব্যাহত রাখতে ন্যাটো মিত্রদের সহযোগিতা চেয়ে বক্তব্য দেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এ বিষয়ে সমর্থন না পেলে ন্যাটো জোট ‘খুব খারাপ ভবিষ্যতের’ মুখে পড়তে পারে।
জার্মান সরকার পুনরায় স্পষ্ট করেছে, হরমুজ প্রণালিতে কোনো সামরিক বা নিরাপত্তা কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা তাদের নেই। সরকারের মুখপাত্র বলেন, ‘যুদ্ধ শুরুর আগে যেমন এই অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় ছিল না, এখনও তা বিবেচনায় নেই।’
ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রীও বলেন, হরমুজ প্রণালিতে ন্যাটো সদস্যদের কোনো ভূমিকা থাকার বিষয়টি তিনি দেখছেন না।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে জার্মান সরকারের অবস্থান আরও কঠোর হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের সমালোচনাও করেন জার্মান চ্যান্সেলর।
সরকারের মুখপাত্র আরও বলেন, ‘যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই স্পষ্ট করেছিল যে ইউরোপীয় সহায়তা তাদের প্রয়োজন নেই এবং তারা তা চায়ও না।’
এদিকে জার্মান চ্যান্সেলর আজ বার্লিনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ট্রাম্পের আহ্বান ও ইউরোপের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএনএন
এমএস/