দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। গাজা সিটির কাছে চালানো এক হামলায় তারা সাদসহ ৫ জনকে হত্যা করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) এক ভিডিও বিবৃতিতে হামাসের গাজা প্রধান খলিল আল-হাইয়া বলেন— ‘গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচজনের মধ্যে ছিলেন রায়েদ সাদ’।
হামাস নিশ্চিত করেছে, গাজায় ইসরায়েলি হামলায় তাদের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পর এটি ফিলিস্তিনি গোষ্ঠীটির কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে সবচেয়ে উল্লেখযোগ্য হত্যাকাণ্ড।
এর আগে গতকাল শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা সিটির কাছে চালানো এক হামলায় তারা সাদকে হত্যা করেছে। সর্বশেষ এই হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
ভিডিও বিবৃতিতে সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাসের গাজা প্রধান খলিল আল-হাইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন।
তিনি বলেন, ‘ইসরায়েলের চলমান লঙ্ঘনের প্রেক্ষাপটে, যার মধ্যে গতকাল একজন হামাস কমান্ডারকে হত্যার ঘটনাও রয়েছে, আমরা মধ্যস্থতাকারীদের—বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রশাসন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যিনি এই চুক্তির প্রধান জামিনদার—আহ্বান জানাই যেন তারা দখলদার শক্তি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মানতে এবং তা বাস্তবায়নে বাধ্য করে।’
অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল প্রতিদিন গাজায় হামলা চালিয়ে যাচ্ছে—যার সংখ্যা প্রায় ৮০০-তে পৌঁছেছে এবং এতে অন্তত ৩৮৬ জন নিহত হয়েছে। গাজার কর্তৃপক্ষের মতে, এটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
এবি/