দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকায় একটি সরকারি স্কুল কমপ্লেক্সের মসজিদে এ ঘটনা ঘটে। জাকার্তা মেট্রোপলিটন পুলিশের প্রধান আসেপ এদী সুওহেরি এক সংবাদ সম্মেলনে জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, বাকিরা বিভিন্ন মাত্রার দগ্ধ ও আঘাতে ভুগছেন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী এক ছাত্রকে আটক করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে অস্ত্রোপচারে রয়েছে। তার পটভূমি ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় দল কাজ করছে, যাতে আরও কোনো বিস্ফোরক না থাকে তা নিশ্চিত করতে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণে মসজিদের কাচ ভেঙে যায় এবং সাদা ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। স্কুলের এক কর্মচারী বলেন, ‘বিস্ফোরণের পর প্রচণ্ড শব্দে জানালা ভেঙে পড়ে, আমরা আতঙ্কে দৌড়াতে থাকি, বুক ধড়ফড় করছিল, শ্বাস নিতে পারছিলাম না।’
কয়েকজন শিক্ষার্থী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সন্দেহভাজন ছাত্রটি প্রায়ই একা থাকত, সহপাঠীরা তাকে নিয়ে উপহাস করত এবং সে প্রায়ই সহিংসতার চিত্র আঁকত। বিস্ফোরণের পর তাকে মাটিতে অচেতন অবস্থায় পাওয়া যায়।
একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলে দুটি বস্তু উদ্ধার করা হয়েছে যেগুলো দেখতে আগ্নেয়াস্ত্রের মতো। তবে পরে দেশটির মন্ত্রী লোডেভেইক ফ্রিডরিখ পলুস ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, এগুলো আসলে খেলনা বন্দুক, আসল নয়।
তিনি জনগণকে অনুরোধ জানান, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা ধরে নেওয়ার আগে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে।
ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ।
সূত্র- বিবিসি
এমএস/