দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তিনি একে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্সে দেওয়া পোস্টে মাখোঁ বলেন, ‘ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। আমরা চাই এই পদক্ষেপ ফিরিয়ে নেওয়া হোক এবং হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট অনুযায়ী ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক।’
তিনি জানান, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার কথা হয়েছে। আসন্ন টু-স্টেট সলিউশন কনফারেন্স নিউইয়র্কে তারা যৌথভাবে আয়োজন করবেন ২২ সেপ্টেম্বর। মাখোঁ বলেন, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট— ইসরায়েল ও ফিলিস্তিনের বৈধ আকাঙ্ক্ষা পূরণের একমাত্র উপায় হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। এজন্য যতটা সম্ভব আন্তর্জাতিক সমর্থন জোগাড় করাই আমাদের উদ্দেশ্য।’
শান্তি প্রতিষ্ঠার শর্ত হিসেবে তিনি স্থায়ী যুদ্ধবিরতি, সব বন্দির মুক্তি, গাজায় বৃহৎ মানবিক সহায়তা পাঠানো এবং একটি স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এছাড়া মাখোঁ বলেন, গাজার শাসন থেকে হামাসকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে এবং একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সংস্কার করে আরও শক্তিশালী করতে হবে। কোনো হামলা, দখলের চেষ্টা বা জোরপূর্বক বাস্তুচ্যুতি— আমাদের গতি থামাতে পারবে না।
মাখোঁর মতে, নিউইয়র্ক সম্মেলন হবে অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য একটি ‘নির্ধারক বাঁকবদল’।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাদের, এমনকি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও, ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে তারা জাতিসংঘের বৈঠকে অংশ নিতে পারবেন না। এসময়ই ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৬৩ হাজার ৫০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত এ অঞ্চল এখন দুর্ভিক্ষের মুখে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।
এমএস/