দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মঙ্গলবার (২৬ আগস্ট) টানা গোলাবর্ষণের পর গাজা শহর থেকে আরও পরিবার এলাকা ছাড়তে শুরু করেছে। এদিকে ইসরায়েলে শুরু হয়েছে যুদ্ধবিরোধী দেশব্যাপী বিক্ষোভ, যেখানে বন্দিদের মুক্তি ও গাজা যুদ্ধের অবসান দাবি জানানো হয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
বাসিন্দারা জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাজার সাবরা, শেজাইয়া, তুফাহ ও উত্তরের জাবালিয়া এলাকায় ইসরায়েলি বিমান ও ট্যাংকের গোলাবর্ষণ চলে। এতে সড়ক ও ঘরবাড়ি ধ্বংস হয়।
ইসরায়েলি সেনারা জানায়, ওই এলাকায় অস্ত্র খোঁজা ও হামাসের টানেল ধ্বংসে অভিযান চালানো হচ্ছে। দেশীয় বিক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও গাজা শহরে নতুন হামলার প্রস্তুতি চলছে। ইসরায়েল বলছে, এটি হামাসের শেষ শক্ত ঘাঁটি।
সোমবার দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়, যাদের মধ্যে রয়টার্স, এপি, আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকও ছিলেন। শুধু রাতভর ও মঙ্গলবারের হামলায় ৩৪ জন নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়।
বর্তমানে প্রায় ২০ লাখ মানুষের অর্ধেক গাজা শহরে বসবাস করে। অনেকে পশ্চিম দিকে, আবার অনেকে দক্ষিণে খান ইউনিসের আল-মুয়াসি উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়েছে।
নাসের হাসপাতালে নিহতদের মধ্যে রয়টার্সের ভিডিওগ্রাফার হুসাম আল-মাসরিও ছিলেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে “দুঃখজনক দুর্ঘটনা” বলে উল্লেখ করেছেন। তবে সেনারা এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এদিকে ‘ডে অব ডিসরাপশন’ কর্মসূচিতে মঙ্গলবার ইসরায়েলজুড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তারা বন্দিদের ছবি হাতে নিয়ে যুদ্ধের অবসান দাবি জানানর
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়, যেখানে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ৬২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। যুদ্ধের কারণে গাজা এখন ভয়াবহ মানবিক সংকটের মধ্যে পড়েছে এবং প্রায় সব মানুষই বাস্তুচ্যুত হয়েছে।
এমএস/কে