দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লাতিন আমেরিকায় বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। ১৯৯৫ সালে জরিপটি শুরু হওয়ার পর এবারই প্রথম অঞ্চলটির মানুষের কাছে বৈশ্বিক প্রভাবের দিক থেকে চীনকে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। ২০২৬ সালের লাতিনোবারোমেত্রো জরিপে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার প্রকাশিত জরিপের ফল অনুযায়ী, ১৭টি দেশের ৬৫ শতাংশ উত্তরদাতা চীনের প্রভাবকে ইতিবাচক হিসেবে দেখেছেন। বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রভাবকে ইতিবাচক বলেছেন ৫৭ শতাংশ। ২০২০ সালে চীনের প্রভাবকে ইতিবাচক মনে করা মানুষের হার ছিল ৪৮ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই হার ছিল ৬০ শতাংশ।
জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে শুধু কোস্টারিকা ও ডমিনিকান রিপাবলিকে চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের প্রভাবকে বেশি ইতিবাচক হিসেবে দেখা হয়েছে।
চিলিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান লাতিনোবারোমেত্রো প্রতিবছর লাতিন আমেরিকার বিভিন্ন দেশে মানুষের মতামত নিয়ে জরিপ পরিচালনা করে। গণতন্ত্র, অর্থনীতি, নিরাপত্তা ও অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে এই জরিপ করা হয়।
তবে বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে চীন এগিয়ে থাকলেও সামগ্রিকভাবে দুই দেশের প্রতি মানুষের ইতিবাচক মনোভাবের প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে। জরিপে ৬৩ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক মত দিয়েছেন। চীনের ক্ষেত্রে এই হার ৫৮ শতাংশ। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মত ছিল ৭৩ শতাংশ মানুষের।
এদিকে জরিপে ভেনেজুয়েলার তৎকালীন নেতা নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনীর আটক করার বিষয়েও মতামত নেওয়া হয়। আর্জেন্টিনা ছাড়া সব দেশে সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতা মাদুরোকে আটক করার ঘটনায় সমর্থন জানিয়েছেন।
তবে এ অভিযানের ফলে ভেনেজুয়েলা উপকৃত হয়েছে কি না, সে বিষয়ে মতামত ছিল বিভক্ত। ৩৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, মাদুরোকে সরিয়ে দেওয়ায় দেশটি উপকৃত হয়েছে। বিপরীতে ২৮ শতাংশ মনে করেন, এতে ভেনেজুয়েলার ক্ষতি হয়েছে। ভেনেজুয়েলার মানুষদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবকে ইতিবাচকভাবে দেখার প্রবণতাও তুলনামূলক বেশি ছিল।
২০২৬ সালের লাতিনোবারোমেত্রো জরিপে ১৭টি দেশে ৭ মে থেকে ১৭ জুন পর্যন্ত প্রায় ১৯ হাজার ২০০ জনের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপটির ত্রুটির সীমা ১ শতাংশ।
/অ