দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে অবরোধের কারণে প্রায় ৫০০ শতাধিক পর্যটক আটকা পড়েছে। পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকা অবরোধের কারণে সাজেক থেকে কোন গাড়ি ছেড়ে আসতে পারেনি। বাঘাইছড়ির উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, শনিবার (৮ জুন) সাজেকে যান চলাচল বন্ধ রয়েছে। সাজেক থেকে সকালের স্কর্ট ছেড়ে যায়নি এবং বাঘাইহাট থেকেও সাজেকের উদ্দেশ্যে কোন গাড়ি আসেনি। এর ফলে সাজেকে অবস্থানরত পর্যটক আটকা আছেন।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, শুক্রবার এবং আজ শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে সাজেকে বেশ ভালো পর্যটক সমাগম হয়েছিল। ইউপিডিএফের ডাকা অবরোধের কারণে সাজেক থেকে পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যেতে পারেননি। কবে যান চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়ে কোন ধারনা নেই বলে জানান তিনি।
সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, অবরোধের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের অনেক জায়গায় গাছ ফেলে পিকেটিং করেছেন অবরোধকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী সেগুলোর সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করেছে। সেগুলো সরানো হয়ে গেলেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ভোটের আগেরদিন, ‘সুষ্ঠুৃ ও শান্তিপূর্ণ’ নিবার্চনের দাবিতে বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রবিবার (৯ জুন) অনুষ্ঠিতব্য বাঘাইছড়ি উপজেলা নিবার্চনে দলটি ইতিময় চাকমা অলিভ নামের এক প্রার্থীর সমর্থনে এই অবরোধের ডাক দিয়েছে।
শুক্রবার (৭ জুন) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ রাঙামাটি ইউনিট প্রধান সংগঠক সচল চাকমা বলেছেন, ‘রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ‘ঠ্যাঙাড়ে সন্ত্রাসী’ কর্তৃক নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান ও নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য ‘ঠ্যাঙাড়েদের’ বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থানের প্রতিবাদে এবং বাঘাইহাট থেকে তাদেরকে গ্রেফতারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আগামীকাল শনিবার (৮ জুন) সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে।
এম