দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দিঘী এলাকায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে বক্তব্য দেন- খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মৃদুল, এলাকাবাসী মো. সোহেল রানা, ব্যবসায়ী রফিকুল ইসলাম মিলন, শামীম মন্ডল, জুয়েল রানা, রাশেদ মিয়া, হান্নান সরকার, আতাউর রহমান এবং নিহত শামীম আহমেদের চাচা মাসুদ রানা।
বক্তারা কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপসহ হত্যায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম শাহীনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে গুরুতর আহত করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা শামীম আহমেদের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আরএ