দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বকেয়া বেতন, নাইট বিল ও এলাউঞ্জসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে লাভেলো নামের একটি আইসক্রিম কারখানার শ্রমিকরা। ওই সময় দাবি আদায়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় শ্রমিকরা ওই অবরোধ কর্মসূচি পালন করে। পরে বকেয়া পরিশোধের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাভেলো নামের ওই আইসক্রিম কারখানাটির অবস্থান। কারখানাটিতে দুই থেকে আড়াইশ’ শ্রমিক কর্মরত। দুই মাসের বকেয়া বেতন, নাইট বিল ও এলাউঞ্জসহ অন্যান্য দাবিতে রোববার (২৯ ডিসেম্বর) সকালে কাজ ফেলে কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। পরে সকাল ৯টার দিকে তারা কারখানার নিকটবর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং অবস্থান নেয়। ওই সময় ন্যায্য দাবি আদায়ে তারা বিক্ষোভ করতে থাকে। শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। এতে দুভোর্গে পড়ে মহাসড়কে যাতায়াতকারী যাত্রী সাধারণ। খবর পেয়ে উপজেলা প্রশাসন, ভালুকা মডেল থানা, হাইওয়ে ও শিল্পপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বলেন। পরে ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।
অবরোধকারী শ্রমিক আশিকুল ইসলাম জানান, অক্টোবরের আংশিকসহ তাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। তাছাড়া, তাদের ১৬ মাসের নাইট বিল ও ১৪ মাসের এলাউঞ্জ বকেয়া আছে। দেই দিচ্ছি করেও কর্তৃপক্ষ তাদের পাওনাদি পরিশোধ করছে না। ফলে বাসা ভাড়া, বাজার করতে তাদের সমস্যা হচ্ছে। তাছাড়া সরকারের ঘোষণা অনুসারে তাদের বেতন বাড়ানো হয় না। নানাবিধ কারণে তারা মহাসড়কে নেমে এসেছে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহাঙ্গীর আলম জানান, বকেয়া বেতনসহ অন্যান্য কিছু দাবিতে লাভেলো আইসিক্রিম কারখানার দেড় দুইশত শ্রমিক মহাসড়কে নেমে ছিল। পরে কারখানা কর্তৃপক্ষ আগামী ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
আরএ