দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে ৮ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের ঠিক পেছনেই রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের মতে, সেমিফাইনালে কেবল মেসিকে নয়, পুরো আর্জেন্টিনা দলকেই সমান গুরুত্ব দিতে হবে।
নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নেমে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন পিকফোর্ড। সেমিফাইনালের আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মেসি তার ক্যারিয়ারে অসংখ্য গোল করেছেন, করিয়েছেনও। ছোটবেলা থেকে টেলিভিশনে তাকে দেখেছি। এত বছর পর তার বিপক্ষে খেলতে পারাটা বিশেষ অনুভূতি। তবে আমাদের মনে রাখতে হবে, আর্জেন্টিনা শুধু মেসির দল নয়। তারা খুবই শক্তিশালী একটি দল।’
তিনি আরও বলেন, ‘আমাদের শুধু মেসিকে নয়, তাদের অন্য শক্তি ও দুর্বলতার দিকেও নজর দিতে হবে। আমি আর্জেন্টিনার কয়েকটি ম্যাচ দেখেছি। মেসি যতটা অসাধারণ, দলটিও ঠিক ততটাই পরিশ্রমী। এখন আমাদের কাজ হলো এই ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া।’
চলতি বিশ্বকাপে লিওনেল স্কালোনির দল এখন পর্যন্ত ১৭ গোল করেছে, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। এর মধ্যে ৮ গোল ও ২ অ্যাসিস্ট মিলিয়ে ৪৭ শতাংশ গোলেই সরাসরি অবদান রেখেছেন মেসি। অন্যদিকে ইংল্যান্ডের গোলের বড় অংশ এসেছে জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইনের কাছ থেকে। দুজনই করেছেন ছয়টি করে গোল। এছাড়া ইংল্যান্ডের হয়ে গোল করা একমাত্র অন্য খেলোয়াড় মার্কাস র্যাশফোর্ড।
তবে পিকফোর্ডের বিশ্বাস, ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তাদের দলগত সংহতি ও লড়াই করার মানসিকতা।
‘সবাই মেসিকে নিয়ে কথা বলবে, কারণ তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু আমাদের দলেও প্রতিভার অভাব নেই। রক্ষণ থেকে আক্রমণ—সব বিভাগেই আমাদের মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। দল হিসেবে আমাদের ভারসাম্যই সবচেয়ে বড় শক্তি,’ বলেন ইংলিশ গোলরক্ষক।
তিনি যোগ করেন, ‘আমরা শুধু মেসিকে নিয়েই ভাবতে পারি না। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং দুর্দান্ত দল। তবে আমাদের আক্রমণভাগও শক্তিশালী, আর আমাদের রক্ষণ ভাঙাও সহজ নয়। এই দলগত সংহতিই আমাদের এখানে নিয়ে এসেছে।’
চলতি বিশ্বকাপে নেওয়া দুই পেনাল্টিই মিস করেছেন মেসি। এ নিয়ে প্রশ্ন করা হলে পিকফোর্ড আত্মতুষ্টি দেখাতে রাজি নন।
‘পৃথিবীতে এমন কোনো খেলোয়াড় নেই, যে সব পেনাল্টি গোল করে। মেসির মতো ফুটবলার এসব পরিসংখ্যান নিয়ে ভাববেন না। যদি ম্যাচে পেনাল্টির পরিস্থিতি আসে, তাহলে সেটা হবে আমার আর তার সরাসরি লড়াই। তখন আমার কাজ হবে বলটি ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করা,’ বলেন তিনি।
এমএস/