দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সকে থামাবে কে—বিশ্বকাপের শুরু থেকেই যেন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। একের পর এক প্রতিপক্ষকে দাপটের সঙ্গে হারিয়ে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেরা নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে। মনে হচ্ছিল, বিশ্বকাপের মঞ্চটি যেন ফ্রান্সের জন্যই প্রস্তুত।
কিন্তু সেমিফাইনালে এসে বদলে যায় সব হিসাব। ডালাসে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। পুরো ম্যাচে ফরাসিদের নিষ্প্রভ করে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল লা রোহা।
এই জয়ের পর আলোচনায় উঠে এসেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই হাত তোলা একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন মাত্র একটি শব্দ—‘আলহামদুলিল্লাহ’। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জিতেছিল স্পেন। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস ও জেরার্ড পিকেদের সেই সোনালি প্রজন্মের পর এবার নতুন প্রজন্মের হাত ধরে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে লা রোহা।
বড় টুর্নামেন্টের সেমিফাইনালে স্পেনের রেকর্ডও ঈর্ষণীয়। আগের সাতটি সেমিফাইনালের মধ্যে তারা হেরেছে মাত্র একটিতে—ইউরো ২০২০-এ। বাকি ছয়বারই ফাইনালে জায়গা করে নিয়েছে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখল স্প্যানিশরা।
১৬ বছরের অপেক্ষা শেষে আবার বিশ্বকাপের ফাইনালে স্পেন। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারণ হবে দ্বিতীয় সেমিফাইনালের পর। তবে ফ্রান্সকে যেভাবে পরাস্ত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল, তাতে ফাইনালের আগে প্রতিপক্ষের জন্য স্পষ্ট বার্তা দিয়ে রাখল তারা—বিশ্বকাপ জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত স্পেন।
এমএস/