দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আটলান্টার মেঘলা সকাল আর হালকা বৃষ্টির মধ্যেই বিশ্বকাপ সেমিফাইনালের প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে মহারণের আগে ফিফার নিয়ম অনুযায়ী অনুশীলনের প্রথম ১৫ মিনিট গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়। ওই সময় খেলোয়াড়রা স্ট্রেচিং ও হালকা বল পাসিং করেন। পরে গণমাধ্যম মাঠ ছাড়ার পরই মূল কৌশল ও ম্যাচ পরিকল্পনা নিয়ে কাজ করেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
সেমিফাইনালের আগের দিন ফিফার নির্দেশনা অনুযায়ী আর্জেন্টিনা মিডিয়ার সামনে আনে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল ও গনসালো মন্তিয়েলকে। তিনজনই বেশিরভাগ প্রশ্নের উত্তর দেন স্প্যানিশ ভাষায়।
মিডিয়ার সামনে আসার আগে লিওনেল মেসির সঙ্গে কথা বলতে দেখা যায় দে পলকে। সংবাদ সম্মেলন চলাকালে মাঠের এক পাশে চেয়ারে বসে ছিলেন মেসি। কিছুক্ষণ পর অনুশীলনের প্রস্তুতি নিতে তিনি ভেতরে চলে যান।
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ মানেই ফুটবলের পাশাপাশি ফকল্যান্ড যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটও আলোচনায় আসে। তবে দে পল অতীতের আবেগে ভাসতে রাজি নন।
তিনি বলেন, “এ ধরনের ম্যাচে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়, যেন আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে।”
সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করা ম্যাক অ্যালিস্টারও ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, “ইতিহাস আমরা জানি, কিন্তু সেটা বদলানোর সুযোগ নেই। আমরা মাঠে নিজেদের সেরা খেলাটা খেলতে চাই এবং জার্সির সর্বোচ্চ সম্মান রাখতে চাই।”
চাপের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাপ অনুভব করছি না। এর আগে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছি। সেই অভিজ্ঞতা এবার কাজে দেবে।”
টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার পক্ষে রেফারিং নিয়ে সমালোচনা হলেও সেসব নিয়ে ভাবতে নারাজ দে পল।
“আমাদের সমস্ত মনোযোগ ও শক্তি আগামীকালের ম্যাচে। বাইরের বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি না,” বলেন এই মিডফিল্ডার।
ইংল্যান্ডকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মূল্যায়ন করে দে পল বলেন, “দুই দলই শক্তিশালী। ভালো একটি ম্যাচ হবে। আমরা প্রতিপক্ষকে সম্মান করি, তবে নিজেদের খেলাতেই বেশি মনোযোগ দিচ্ছি।”
এমএস/