দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর ব্র্যাডলি বারকোলার এক গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচজুড়ে দাপট দেখানো দিদিয়ের দেশমের দলকে জয়ে নেতৃত্ব দেন অধিনায়ক এমবাপ্পে, যিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকেও ছুঁয়ে ফেলেছেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তবে গোলের দেখা পেতে বেশ বেগ পেতে হয় তাদের। ২০তম মিনিটে জালে বল জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সিদ্ধান্তে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
৩২তম মিনিটে আবারও গোলের খুব কাছাকাছি পৌঁছে যান ফরাসি অধিনায়ক। মাইকেল অলিসের বাড়ানো বল থেকে নেওয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে। চার মিনিট পর অলিসের দুর্দান্ত বাইসাইকেল কিকও পোস্টে আঘাত হানে। ফিরতি বলে উসমান দেম্বেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ে উসমান দেম্বেলের পাস থেকে বক্সের ভেতরে জোরালো শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি ছিল তার পঞ্চম গোল।
বিরতি থেকে ফিরে ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
এরপর ৭৪তম মিনিটে আবারও জ্বলে ওঠেন এমবাপ্পে। অলিসের রক্ষণচেরা পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। এই গোলে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ৬-এ, যা গোল্ডেন বুটের দৌড়ে তাকে লিওনেল মেসির সমান উচ্চতায় নিয়ে গেছে।
সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের গোল এখন ১৮টি। বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির ১৯ গোলের রেকর্ড থেকে তিনি মাত্র এক গোল দূরে।
ম্যাচের ৮৫তম মিনিটে এমবাপ্পেকে তুলে নেন কোচ দিদিয়ের দেশম। তার বদলি হিসেবে মাঠে নামেন জ্যঁ-ফিলিপ মাতেতা। ফলে হ্যাটট্রিকের সম্ভাবনা থাকলেও সেটি আর পূরণ হয়নি। তবে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জোড়া গোল করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
এমবাপ্পের আলোয় কিছুটা আড়ালেই থেকে যান মাইকেল অলিসে। অথচ ফ্রান্সের তিনটি গোলেই ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। এই ম্যাচে দুটি অ্যাসিস্ট করার মাধ্যমে চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। এর মাধ্যমে ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির টমাস হ্যাসলারের পর এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের কীর্তি গড়েছেন এই ফরাসি মিডফিল্ডার।
নরওয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ৪-১ গোলের জয়ের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। শুরুর একাদশে সুযোগ পান লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। সেই সিদ্ধান্তও সাফল্য এনে দেয় ফরাসি শিবিরে।
এই জয়ে বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স।
এমএস/