দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সেনেগাল থেকে রিয়াদ। সাদিও মানের আল নাসরে আসা নিয়ে গত দুই সপ্তাহ জুড়ে যে গুঞ্জন শোনা যাচ্ছিলো সেটি সত্যি হলো অবশেষে। সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে শেষ পর্যন্ত যোগ দিলেন সৌদির ক্লাবে।
আফ্রিকার দুইবারের বর্ষসেরা সাদিও মানে মঙ্গলবার রাতে চুক্তিসই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের সঙ্গে। বায়ার্ন ও আল নাসর, দুই ক্লাবই মানের দলবদলের খবর জানালেও কত টাকার বিনিময় হয়েছে সেটি নিশ্চিত করেনি। তবে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ৩ কোটি ইউরোর (প্রায় ৩৫৭ কোটি ২০ লাখ টাকা) বিনিময়ে ৩ বছরের জন্য মানেকে দলে টেনেছে সৌদি ক্লাবটি।

সেনেগালের এই ফরোয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের প্রায় সব শিরোপা জিতে বুন্দেস লিগার ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন গত বছর। বায়ার্নে তিন বছরের চুক্তিতে খেলার কথা থাকলেও এক বছরেই চুক্তি শেষ করে সদিও পাড়ি জমালেন সৌদিতে।
আল নাসরে যোগ দিয়ে রয়টার্সকে দেওয়া ভিডিও বার্তায় সাদিও মানে বলেন, “আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনাদের দেখতে তর সইছে না আমার।”
গত মৌসুমে নানা কারণেই আলোচনায় ছিলেন সেনেগালের এই সুপারস্টার। চোটের কারণে তিন মাস মাঠের বাইরে থাকার পর সতীর্থ লেরয় সানেকে ঘুষি মেরে নিষিদ্ধ হন, জরিমানাও গুনতে হয়েছিলো তাকে। এই কারণেই জার্মান ক্লাবটির হয়ে আর খেলা হলো না মানের। বাভারিয়ানদের হয়ে গত মৌসুমে ১২টি গোল করেছিলেন এই ফরোয়ার্ড।
এমআর/