দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, আগামী রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, শান্তি পরিকল্পনার প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে, এখন লক্ষ্য হলো এটি পুরোপুরি চূড়ান্ত করা।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক জ্যেষ্ঠ সহকারী যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ফোনে আরও আলোচনা করেছেন এবং রাশিয়া আলোচনার প্রক্রিয়া চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। রাশিয়া আলোচনায় ধীর কিন্তু ধারাবাহিক অগ্রগতির কথা বললেও ডনবাস থেকে উভয় পক্ষের সেনা প্রত্যাহারের প্রস্তাবে কোনো মন্তব্য করেনি।
ইউক্রেন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চাইছে। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া যে ডনবাসের অংশগুলো দখল করতে পারেনি, সেগুলোতে নিরস্ত্রীকৃত মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব বিবেচনায় রয়েছে।
ক্রিসমাসের দিন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ফোনে দীর্ঘ আলোচনা করেন জেলেনস্কি। তিনি বলেন, আলোচনায় যুদ্ধ অবসানের বিষয়ে নতুন কিছু ধারণা এসেছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পূর্ব ইউক্রেনে একটি কার্যত নিরস্ত্রীকৃত অঞ্চল গঠনের কথা বলা হয়েছে, যেখানে দুই পক্ষই সেনা মোতায়েন করবে না। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন যদি পূর্বাঞ্চলের ফ্রন্টলাইন থেকে নির্দিষ্ট দূরত্বে সেনা সরায়, তাহলে রাশিয়াকেও দখলকৃত ডনবাস এলাকা থেকে একইভাবে পিছু হটতে হবে।
তবে জেলেনস্কি স্বীকার করেছেন, ভূখণ্ডের বিষয়টি এবং ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে সমঝোতা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
এর মধ্যেই যুদ্ধ ও হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের খারকিভ ও উমান শহরে রুশ হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এক রাতে তারা ৭৩টি ড্রোন ভূপাতিত করেছে। অপরদিকে রাশিয়াও দাবি করেছে, তারা ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভেঙে দিয়েছে।
সূত্র- বিবিসি
এমএস/