দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভরা মঞ্চে এক তরুণীর হিজাব টানার অভিযোগে বিতর্কে জড়ালেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক মাসের মধ্যেই নীতিশ কুমারের আচরণ ও মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে সমালোচকরা। এ ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস ও আরজেডি।
সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে আয়ুষ বিভাগের (আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি) চিকিৎসকদের নিয়োগপত্র প্রদান করা হচ্ছিল। সেই সময় হিজাব পরিহিত এক নারী চিকিৎসক মঞ্চে নিয়োগপত্র গ্রহণ করতে গিয়ে এমন ঘটনার সম্মুখীন হন। খবর এনডিটিভি
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রী প্রথমে হাসিমুখে ওই তরুণীর হাতে নিয়োগপত্র তুলে দেন। এরপর তিনি ইশারায় হিজাব সরাতে বলেন। তরুণী প্রতিক্রিয়া জানানোর আগেই নীতিশ কুমার নিজে হাত বাড়িয়ে তার হিজাব টেনে নামিয়ে দেন। এতে তিনি মুহূর্তের মধ্যে বিচলিত হয়ে পড়েন এবং দ্রুত মঞ্চ ত্যাগ করেন।
ভিডিওতে আরও দেখা যায়, মঞ্চে উপস্থিত কয়েকজন ব্যক্তি হাসছেন। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রীকে থামানোর চেষ্টা করতেও দেখা যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আরজেডি এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছে, ‘নীতিশ জির কী হয়েছে? তার মানসিক অবস্থা কি একেবারেই করুণ পর্যায়ে পৌঁছেছে? নাকি তিনি এখন ১০০ শতাংশ সংঘের সদস্য?’
আরজেডি মুখপাত্র এজাজ আহমদ বলেন, ‘পর্দা মানা এক মুসলিম নারীর হিজাব সরিয়ে দিয়ে নীতিশ কুমার দেখিয়ে দিয়েছেন, নারীর ক্ষমতায়নের নামে জেডিইউ–বিজেপি কী ধরনের রাজনীতি করছে। এটি একজন নারীর সংস্কৃতি, ধর্ম ও সংবিধানপ্রদত্ত অধিকারের ওপর সরাসরি আঘাত।’
কংগ্রেসও ঘটনাটির তীব্র নিন্দা করেছে। দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘এই হল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একজন নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এলে তিনি প্রকাশ্যে তার হিজাব টেনে নামান। রাজ্যের সর্বোচ্চ পদে বসে এমন জঘন্য আচরণ লজ্জাজনক। এই ঘটনায় নীতিশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এটি ক্ষমার অযোগ্য।’
ঘটনাটি নিয়ে এখনও মুখ্যমন্ত্রীর দপ্তর বা জেডিইউ-এর তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এবি/