দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলা হয়েছে। সৈকতে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কাহ অনুষ্ঠান চলাকালে দুই বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়ে এ হামলা করে। এতে অন্তত ১২ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার পর রাজ্যের রাজধানী সিডনির বন্ডি সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। খবর বিবিসি
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তারা প্রায় ৫০টি গুলির শব্দ শুনেছেন। স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন (৩০) বলেন, ‘আমি অন্তত ১০ জন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে শুধু রক্ত।’
ঘটনার সময় শত শত মানুষ সৈকতে উপস্থিত ছিলেন। তারাও জানান, তারা প্রায় ৫০টির মতো গুলির শব্দ শুনেছেন এবং লোকজন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে যান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ও ভিডিওতে দেখা গেছে, এক বন্দুকধারী পথচারী ও সৈকতের লোকদের দিকে বন্দুক তাক করে আছেন। আরেক বন্দুকধারী সৈকতের কাছাকাছি একটি ব্রিজের উপর দাঁড়িয়ে গুলি চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে তিনটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। বন্দুকধারীদের কোমরে গোলাবারুদের বেল্ট ছিল।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, বন্ডি বিচের শিশু পার্কের কাছেই ইহুদিদের হানুক্কাহ উৎসবের আয়োজন করা হয়েছিল, এবং সেই অনুষ্ঠানকেই হামলার লক্ষ্য করা হয়। পুলিশ এটিকে পরিকল্পিত হামলা বলে মনে করছে।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স নিশ্চিত করেছেন, এই হামলায় নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মাল ল্যানিয়ন জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বন্ডাই বিচের আর্চার পার্ক এলাকায় গুলির শব্দ শোনার একাধিক খবর পুলিশ পায়।
তিনি বিবিসিকে নিশ্চিত করেন, হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং ২৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রিমিয়ার ক্রিস মিন্স জানান, নিহত ১২ জনের মধ্যে একজন হামলাকারীও রয়েছে, যিনি ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। অপর হামলাকারী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
তিনি বলেন, এই হামলাটি ছিল সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে পরিকল্পিত। প্রিমিয়ার আরও বলেন, যা হওয়ার কথা ছিল ‘শান্তি ও আনন্দের একটি রাত’, তা একটি ‘ভয়াবহ ও অশুভ হামলায়’ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন জানান, হানুক্কাহ উৎসব উপলক্ষে সেখানে এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার বলেন, ‘এই ঘটনায় বড় আকারে তদন্ত করবে কাউন্টার-টেররিজম ইউনিট।’ তিনি আরও জানান, হামলায় জড়িত দ্বিতীয় অভিযুক্ত বর্তমানে হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। এর আগে জানানো হয়েছিল, অপর হামলাকারী নিহত হয়েছে।
পুলিশ কমিশনার ল্যানিয়ন বলেন, ‘নিহত হামলাকারীর একটি গাড়ি থেকে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এটিকে ‘হতবাক করা ও বেদনাদায়ক’ উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পুলিশ ও প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
এবি/