দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েল কয়েক মাস পর প্রথমবারের মতো বৈরুতের দক্ষিণাংশে বিমান হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা হাইসাম আলী তাবতাবাঈ। ইসরায়েলের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, তাবতাবাঈই ছিলেন হামলার মূল টার্গেট, তবে তিনি নিহত হয়েছেন কি না তা নিশ্চিত নয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কমপক্ষে ৫ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, জনবহুল এলাকায় একটি বহুতল ভবনের চতুর্থ বা পঞ্চম তলা থেকে ধোঁয়া উড়ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, বৈরুতের ‘হৃদয়ে’ হামলা চালানো হয়েছে, যেখানে তাবতাবাঈ হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ ও সামরিক শক্তি বাড়ানোর দায়িত্বে ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সুপারিশে এই হামলার নির্দেশ দেন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইস্রায়েল কাটজ বলেছেন, ‘উত্তর সীমান্ত ও রাষ্ট্রের নিরাপত্তায় যেকোনো হুমকি প্রতিরোধে আমরা কঠোরভাবে পদক্ষেপ নেব। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে—তার সেই হাত কেটে ফেলা হবে।’
গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। এরপর ধারাবাহিক হামলায় সংগঠনটির সামরিক নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে। হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়েও বহু মানুষকে হত্যা করেছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র ২০১৬ সালে তাবতাবাঈকে সন্ত্রাসী হিসেবে ঘোষিত করে। তিনি সিরিয়া ও ইয়েমেনে হিজবুল্লাহর বিশেষ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন বলে ওয়াশিংটনের অভিযোগ। তাকে ধরিয়ে দিতে ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক বছর আগে অস্ত্রবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহকে লিতানি নদীর দক্ষিণ থেকে সদস্য প্রত্যাহার ও ভারি অস্ত্র জমা দিতে বলা হয়েছিল। কিন্তু অগ্রগতি না হওয়ায় ইসরায়েল বারবার সতর্ক করে বলছে, লেবানন সরকার পদক্ষেপ না নিলে সামরিক অভিযান আরও জোরদার করা হবে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন, ইসরায়েল কোনো সমঝোতার পথ খুলে দিতে চায় না এবং আলোচনার সব সম্ভাবনাই অস্বীকার করছে।
সূত্র: সিএনএন
এমএস/