দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে ভয়াবহ ভূমিধসের ঘটনায় একটি যাত্রীবাহী বাসের ওপর বিশাল পাথরখণ্ড ধসে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ডজনের বেশি যাত্রী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর—দ্য হিন্দুস্তান টাইমস।
ঘটনাটি ঘটে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলাসপুর জেলার ঝান্ডুটা উপবিভাগের বালুঘাট এলাকায়। মারোত্তান থেকে ঘুমারউইনের দিকে যাচ্ছিল বাসটি, যাতে প্রায় ৩০ জন যাত্রীছিলেন। হঠাৎ পাহাড় থেকে বিশাল পাথরগুচ্ছ ধসে পড়ে বাসটির ওপর।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে পুলিশ ও দুর্যোগ ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পাথরের বিশাল ওজনের কারণে উদ্ধারকর্মীদের এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে বাসের ছাদ কেটে ভেতরে ঢুকতে হয়।
রাত ৯টার মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। আহতদের বার্থিন গ্রামের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এলাকার এসডিএম অর্জিয়া শর্মা।তিনি বলেন, ‘উদ্ধার অভিযান যুদ্ধকালীন তৎপরতায় চলছে।’
পুলিশ জানায়, পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে বাসটির ওপর, যা একটি বেসরকারি পরিবহন সংস্থার মালিকানাধীন। এতে বাসটির বেশির ভাগ অংশ পাথরের নিচে চাপা পড়ে যায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
এমএস/