দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়া সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেয়, তবে তা যুদ্ধকে আরও ভয়াবহ মাত্রায় নিয়ে যাবে। সোমবার ক্রেমলিন জানায়, এই সম্ভাবনা নিয়ে তাদের সেনারা বিশদ বিশ্লেষণ করছে।
গত রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ওয়াশিংটন ইউক্রেনের টমাহক মিসাইলের অনুরোধ বিবেচনা করছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। যদিও তিনি সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে সতর্ক, তারপরও এই বিষয়টি তার ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করছে—বিশেষ করে আলাস্কায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায়।
টমাহকের পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার, অর্থাৎ ইউক্রেন থেকে ছোড়া হলে মস্কোসহ ইউরোপীয় রাশিয়ার বহু জায়গায় আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, ‘রুশ কর্মকর্তাদের এখন থেকেই বোমা-আশ্রয়কেন্দ্র কোথায় আছে, তা জেনে রাখা উচিত।’
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রশ্ন তোলেন—এই মিসাইলগুলো ছুড়বে কারা? শুধু ইউক্রেনীয় সেনারা, নাকি মার্কিন সেনারাও এতে জড়িত হবে? লক্ষ্য নির্ধারণ করবে কারা—আমেরিকা নাকি ইউক্রেন? এসব প্রশ্নে “গভীর বিশ্লেষণ’ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
রুশ সংসদের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মার্কিন বিশেষজ্ঞরা ইউক্রেনকে টমাহক নিক্ষেপে সাহায্য করে, তবে তারা রাশিয়ার সরাসরি টার্গেটে পরিণত হবে। “তাদের রক্ষা করতে পারবে না—না ট্রাম্প, না কেলগ, কেউই না।’
অন্যদিকে, মার্কিন দূত কিথ কেলগ বলেছেন, ট্রাম্প মনে করেন ইউক্রেনের এখন দীর্ঘ-পাল্লার হামলা চালানোর সুযোগ পাওয়া উচিত। তার ভাষায়, ‘কোনো জায়গাই নিরাপদ আশ্রয় নয়।’
পেসকভ দাবি করেছেন, টমাহক পেলেও ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তেমন কোনো সুবিধা পাবে না। তিনি বলেন, ‘এতে ফ্রন্টলাইনের পরিস্থিতি বদলাবে না। রাশিয়া পূর্ব ইউক্রেনে ধীরে ধীরে হলেও অগ্রসর হচ্ছে।’
সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউরোপের রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য নেই। তবে তিনি সতর্ক করেন, ‘মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা সব সময়ই থাকে।’
সূত্র: রয়টার্স
এমএস/