দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের সামনে মধ্যপ্রাচ্যে মহত্ত্ব অর্জনের একটি বাস্তব সুযোগ এসেছে। সবাই প্রথমবারের মতো বিশেষ কিছুর জন্য একমত হয়েছে। আমরা এটি সফলভাবে সম্পন্ন করব।’
এর আগে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, গাজা নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো হয়েছে।
অন্যদিকে, একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন নেতানিয়াহু। তিনি ঘোষণা দেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা রুখে দেওয়া হবে এবং হামাসের বিরুদ্ধে ‘কাজ শেষ করা’ পর্যন্ত অভিযান চলবে। এর আগে ব্রিটেন, ফ্রান্সসহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালায়। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, ওইদিন ১ হাজার ২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ নাগরিক। একই সঙ্গে হামাস ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। বর্তমানে ৪৭ জন এখনও গাজায় অবস্থান করছেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এদের অন্তত ২৫ জন মারা গেছেন।
অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক বলে জানানো হয়েছে। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/