দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকির ঘটনায়। কেরালা বিজেপির এক মুখপাত্র টেলিভিশনের সরাসরি বিতর্কে প্রকাশ্যে বলেছেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস।
রোববার (২৮ সেপ্টেম্বর) কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে রাহুল গান্ধীর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব যে বক্তব্য দিয়েছেন, তা নিছক কটূক্তি নয়, এটি একটি পরিকল্পিত হত্যার হুমকি।
ভেনুগোপাল আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু তা সাংবিধানিক সীমার মধ্যে থাকা উচিত। সরাসরি টেলিভিশন বিতর্কে কাউকে হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি গণতন্ত্রের জন্য বড় বিপদ।
চিঠিতে কংগ্রেস স্মরণ করিয়েছে, গান্ধী পরিবারের অতীতে রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। কংগ্রেসের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে রাহুল গান্ধীর বিরুদ্ধে হুমকির পেছনে বিজেপির ঘনিষ্ঠ লোকজনের সম্পৃক্ততা রয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, পিন্টু মহাদেবের মন্তব্য কোনো আবেগতাড়িত বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এটি সুপরিকল্পিত উসকানি। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো গণতান্ত্রিক কাঠামোকেই ঝুঁকির মুখে ফেলছে। যদি সরকার তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে এটি হত্যার হুমকিকে বৈধতা দেওয়ার সমতুল্য হবে।
কংগ্রেসের মতে, এই বিষয়ে সরকার নীরব থাকলে তা চুপচাপ সম্মতির শামিল হবে। লক্ষ লক্ষ ভারতীয় রাহুল গান্ধীকে শুধু একজন রাজনীতিবিদ নয়, গণতন্ত্র ও সহিষ্ণুতার প্রতীক হিসেবে দেখেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া