দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেকনাফ সদর উপকূলীয় এলাকায় শহীদ উল্লাহ (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একই এলাকার সোনা মিয়ার ছেলে। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজার ছড়ার শেষ প্রান্ত ও বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শহীদ উল্লাহর ভাই শওকত জানান, দোকান থেকে বাড়ি ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া এলাকার বাসিন্দা সৈয়দ আমিন তাকে অপহরণের চেষ্টা করে। একপর্যায়ে ধস্তাধস্তির সময় অভিযুক্ত ব্যক্তি তার পিঠে গুলি করে পালিয়ে যায়।
তিনি আরও দাবি করেন, অভিযুক্ত সৈয়দ আমিন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং একজন পুরাতন রোহিঙ্গা নাগরিক।
টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুবন দাস জানান, রাত ১০টা ১০ মিনিটে শহীদ উল্লাহকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. রশিদ মিয়া জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, নোয়াখালী পাড়া ব্রিজের ওপর বসে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে শহীদ উল্লাহকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে গতকাল রাতে শহীদ উল্লাহ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমএম/কে/