দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৩টার দিকে টেকনাফ থানার সিকদার পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সেখান থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মো. রাসেল (৩৬), ওরফে ‘ডন রাসেল’ নামে পরিচিত এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক রাসেল টেকনাফের সিকদার পাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানবপাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।
কোস্ট গার্ড জানায়, তার বিরুদ্ধে মাদক, মানবপাচার ও অস্ত্র সংশ্লিষ্ট মোট আটটি মামলা রয়েছে। এর আগেও টেকনাফ থানা পুলিশ তাকে একাধিকবার বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছিল।
জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে আই