দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় এক কৃষককে পিটিয়ে আহত করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হামলার ১৩ দিন পর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. জাকির হোসেন মিয়াজি (৪৫) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করে তিন মেয়ে ও দুই ছেলেসহ পাঁচ সন্তানের সংসার চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাকির হোসেনের দ্বিতীয় মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে কয়েকজন যুবক প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর জাকির হোসেন স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
এ ঘটনার জের ধরে গত ২৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজার এলাকায় জাকির হোসেনের ওপর হামলা চালায় একদল যুবক। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার (৮ মার্চ) ভোর ৫টার দিকে তিনি মারা যান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে নিশ্চিন্তপুর গ্রামের নাছির হোসেন মিয়াজির ছেলে ফাইম মিয়াজি (২৪), আইনুল কবির ফটিকের ছেলে সাফিন (২৩), নওদোনা গ্রামের মিজান বেপারীর ছেলে রিফাত বেপারী এবং মহসিন শিকদারের ছেলে রিয়াদ শিকদারসহ আরও ১০ থেকে ১৫ জন জড়িত ছিল।
নিহতের মেয়ে সাকিবা আক্তার বলেন, আমি স্কুলে যাওয়া-আসার সময় কয়েকজন ছেলে আমাকে উত্ত্যক্ত করত। বিষয়টি বাবাকে বলার পর তিনি স্কুলে অভিযোগ করেন। এর জের ধরেই তারা আমার বাবাকে মারধর করে।
বড় মেয়ে জাকিয়া সুলতানা বলেন, আমার বাবাকে অন্যায়ভাবে মারধর করে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
নিহতের স্ত্রী পারভীন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী একজন কৃষক মানুষ ছিল। মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমার ছোট ছোট বাচ্চা আছে, এখন তাদের নিয়ে কীভাবে বাঁচব? আমি এই হত্যার সঠিক বিচার চাই। এ ঘটনায় চাঁদপুর আদালতে নিহতের ছোট ভাই হোসেন মিয়াজি একটি মামলা দায়ের করেছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, আহত অবস্থায় জাকির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
জে আই