দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের যুবক কৃষ্ণ হাজংয়ের দুটি কিডনি অকেজো হয়ে পড়ার পর মায়ের দেওয়া একটি কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে তিনি নতুন জীবন পেয়েছেন। তার চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (২ মার্চ) রাজধানীর পিজি হাসপাতালে কৃষ্ণ হাজংয়ের শরীরে তার মায়ের কাছ থেকে নেওয়া একটি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়। বিষয়টি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করেন।
স্ট্যাটাসে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষ্ণের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি উল্লেখ করেন, মানবিক দায়িত্ববোধ থেকে কৃষ্ণ হাজংয়ের চিকিৎসার সার্বিক ব্যয়ভার বহন ও তদারকি করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত কৃষ্ণ হাজংয়ের দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়। অর্থাভাবে একপর্যায়ে তার ডায়ালিসিস বন্ধ হয়ে যায় এবং তিনি বাড়িতে ফিরে যান। পরে বিষয়টি জানার পর ভূমি প্রতিমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে তার চিকিৎসার দায়িত্ব নেন। প্রথমে ময়মনসিংহে এবং পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় উন্নত চিকিৎসা শুরু হয়। গত বছরের ১৮ জুন থেকে নিয়মিত ডায়ালিসিস চলার পর চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত দেন। এ সময় কৃষ্ণের মা সন্তানের জীবন বাঁচাতে একটি কিডনি দিতে সম্মতি জানান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নির্ধারিত দিনে প্রতিস্থাপন সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের পর কৃষ্ণ হাজং বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দীর্ঘ অনিশ্চয়তার পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য নতুন জীবন ফিরে পাওয়ায় স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এমএস/