দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদন উপজেলার বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় মগড়া নদীর ভাঙন রোধ প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অভিযোগকারী মোহাম্মদ হোসাইন কবির, স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম আকন্দ, আবু সায়েম, চান মিয়া, ফারুক মিয়া ও জাকির হোসেন রুবেল।
মানববন্ধনে বক্তারা বলেন, বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মগড়া নদীর ভাঙন থেকে রক্ষা করতে জেলা পানি উন্নয়ন বোর্ড ২০২৬-২০২৭ অর্থবছরে জরুরি ভিত্তিতে ভাঙনকবলিত ৮০ মিটার এলাকায় জিওব্যাগ স্থাপনের জন্য ১৯ লাখ ৮২ হাজার ২৮২ টাকার একটি প্রকল্প গ্রহণ করে।
প্রকল্পের নির্ধারিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী, ১২ মিটার লম্বা ১৩টি শক্ত কাঠের বল্লা—সোনালি, তেঁতুল ও জামগাছের কাঠ দিয়ে তৈরি—স্থাপন করার কথা। এ ছাড়া ৮০ মিটার দৈর্ঘ্যে কমপক্ষে ৩৯টি ব্যারাক বা বাঁশের পাইলিং, ২০ মিলিমিটার নাট-বল্টু দিয়ে ওয়েলিং পিস আটকানো, ২৫০ কেজি ওজনের ৩ হাজার ১২৫টি জিওব্যাগ ডাম্পিং এবং ১২৫ ও ১৭৫ কেজি ওজনের ১ হাজার ২১০টি শুকনো বালুভর্তি জিওব্যাগ স্থাপনের কথা রয়েছে। জিওব্যাগে শুকনো বালুর ওজন মেপে নিশ্চিত করার বাধ্যবাধকতাও রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, প্রাক্কলন অনুযায়ী কাজটি করা হয়নি। দায়িত্বে থাকা ব্যক্তিরা দ্রুত ও নামমাত্র ব্যয়ে দায়সারাভাবে কাজ শেষ করে চলে গেছেন। এ ঘটনায় নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসাইন কবির।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, জেলা প্রশাসকের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে কাজটির ঠিকাদারের প্রতিনিধি উজ্জ্বল তালুকদার বলেন, “দুই-আড়াই মাস আগে আমরা কাজ শেষ করেছি। ভালো ও সুষ্ঠুভাবেই কাজ করেছি। এখন যদি তারা মানববন্ধন করেন, তাহলে তো আর আমাদের কিছু করার নেই।”
এমএস/