দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। এর আগে এ মামলায় সাজিবুল ইসলাম অপূর্ব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-১৪-এর অধিনায়কের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার বাগিচাপাড়া এলাকার শাহিন মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ পরিচালনা করতেন। ওই পেজে সীমান্ত এলাকার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করতেন তিনি।
গত ১৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে স্থানীয় একটি মুদি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলিফ। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই এসআরবি-১৪ ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এমএম/