দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপিকা সানা (৩৫) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে। মেয়ের বিয়ের আগের দিন সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো গরুর দুধ আনতে গোয়ালঘরে যান দীপিকা সানা। গোয়ালঘর পরিষ্কার করার সময় লিকেজ বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দীপিকা সানার স্বামী দেবাশীষ সানা ঘুঘুমারি গ্রামের একজন কৃষক। তাদের দ্বিতীয় সন্তান অর্পিতা সানার (১৮) বিয়ে নির্ধারিত ছিল। বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি। হঠাৎ এ ঘটনায় আনন্দঘন পরিবেশ শোকে পরিণত হয়।
খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দীপিকার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
দীপিকা-দেবাশীষ দম্পতির তিন সন্তান অভীক সানা (১৯), অর্পিতা সানা (১৮) ও অর্ণব সানা (৯)। পরিবার ও স্থানীয়রা জানান, সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যৎ গড়তে তারা কঠোর পরিশ্রম করতেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএস/