দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ি এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউন মালিকের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে বাগানবাড়ি এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন ইন্টার এন্টারপ্রাইজের ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গোডাউনের ব্যবস্থাপক বাবু মিয়া জানান, তাদের গোডাউনে রাত–দিন ২৪ ঘণ্টাই লোকজন দায়িত্বে থাকে। ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন গো ডাউন জুড়ে দাউদাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পাঁচটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বাবু মিয়া আরও বলেন, গোডাউনের পূর্ব দক্ষিণ কোণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ওই স্থানে কোনো বৈদ্যুতিক সংযোগ না থাকায় তারা ধারণা করছেন, শত্রুতাবশত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে গেছে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ভোর সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, গোডাউনে বিপুল পরিমাণ ঝুট ও দাহ্য সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া পানি সংকট থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়। প্রায় সাত ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নির্বাপণ (ডাম্পিং) করা সম্ভব হয়।
তিনি আরও জানান, তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
জে আই