দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁও (ময়মনসিংহ-১০) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে এলাকায় ব্যাপক বিক্ষোভ-প্রদর্শন ও সহিংস ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ ডিসেম্বরে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংসহ পৌর শহরের বিভিন্ন স্থানে অন্তত ১০ স্থানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিএনপির একাংশের নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ করে রেললাইনে আগুন দেন। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পাশাপাশি, আতঙ্কে গফরগাঁও পৌর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
গফরগাঁও রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবুল বাশার বলেন, রেললাইনে আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা করছে।
এদিকে, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর শহরের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এ ঘটনার পূর্বেই দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গফরগাঁও আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জে আই