দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাডো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে ‘ওয়ের্ধা দামাই’ নামের ওই বৃদ্ধনিবাসে আগুন লাগে।
মানাডো শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিমু রোটিনসুলু বার্তা সংস্থা এএফপিকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তিনি বলেন, “এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন দগ্ধ হয়েছেন। নিহতদের অনেকের মরদেহ ঘরের ভেতরেই পাওয়া গেছে।”
জিমু রোটিনসুলু আরও জানান, সন্ধ্যার দিকে আগুন লাগার সময় অনেক বয়স্ক বাসিন্দা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। আগুন লাগার পর কর্তৃপক্ষ অন্তত ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করতে সক্ষম হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সবার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বৃদ্ধাশ্রমের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং স্থানীয় বাসিন্দারা একজন বয়স্ক ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছেন।
উল্লেখ, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় আগুনের ঘটনা নতুন নয়। চলতি মাসের শুরুতেই দেশটির রাজধানী জাকার্তার একটি সাততলা অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জন নিহত হন।
ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র : আল জাজিরা