দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরে থাকা বেলালের ঘুমন্ত শিশুকন্যা আয়েশা আক্তার সানজু (৮) পুড়ে মারা যায়। দগ্ধ হয় ঘুমন্ত আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বেলাল ওই এলাকার মৃত নরুল ইসলামের ছেলে এবং কীটনাশক ব্যবসায়ী। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
বেলালের মা হাজেরা বেগম বলেন, আমি রাতে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানালা দিয়ে দেখি আমার ছেলের টিনশেড ঘরে আগুন জ্বলছে। আমি দ্রুত বেরিয়ে আসি। ঘরের দুই দরজাতে তালা ছিল, তাই ঢুকতে পারিনি। আমার ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। আমার ছেলের স্ত্রী নাজমা দুই হাতে করে চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসে।
তিনি আরও বলেন, ঘরের একটি কক্ষে আমার নাতনি সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দু'জনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু ছোট মেয়ে সানজু ঘরের মধ্যেই পুড়ে মারা গেছে। এতে বেলালও আহত হয়।
তিনি দাবি করেন, দুর্বৃত্তরা টিনশেড ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রলের সাহায্যে আগুন ধরিয়ে দেয়।
তবে ঘটনাটি কারা করেছে বা কারো সঙ্গে কোনো দ্বন্দ্বের বিষয় নিয়ে তিনি কিছু জানাতে পারেননি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে, আরও তিনজন অগ্নিদগ্ধ হয়। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
/অ