দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখনও একটি মহল তা বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বরিশালে নিজ বাসভবনে অবস্থানকালে মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল্লাহ বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ পরিবর্তনের জন্য, গণতান্ত্রিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠার জন্য অধীর আগ্রহে জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে।
তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিবিহীন দেশ কখনো স্থিতিশীল হতে পারে না। অর্থনীতিকেও সঠিক পথে ফেরানো সম্ভব নয়। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া এখন সময়ের দাবি।
তিনি সতর্ক করে বলেন, এখনও একটি মহল জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সবাইকে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
দলের সাংগঠনিক দিক নিয়ে রহমাতুল্লাহ বলেন, বিএনপি ইতোমধ্যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। চূড়ান্ত মনোনয়ন যেই পাক না কেন, ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন থেকেই ঘরে ঘরে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করতে হবে।
মতবিনিময় সভায় বরিশাল মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বিকেলে নগরীর সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে টাউন হল চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন রহমাতুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জে আই