দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সোহেল মিয়ার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহীদ সোহেলের খালাতো ভাই ইয়াসিন মিয়া (২৫) নিহত হয়েছেন। হামলায় শহীদ সোহেলের ভাই রুবেল মিয়ার গর্ভবতী স্ত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ছনাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শহীদ সোহেলের ভাই রুবেল মিয়া ও তার পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমিতে মাছ ধরতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় শহীদ পরিবারের অন্তত ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথে শহীদ সোহেলের খালাতো ভাই ইয়াসিন মিয়া মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহীদ পরিবারের সদস্যরাই বেশি আহত হয়েছেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জে আই