দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদন উপজেলায় পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জেলার মদন উপজেলার সদর ইউনিয়নের ধনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, জোসনা আক্তার (৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০), সাইফুল (৪০), হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭), দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭), সিময়া (১৬), তাইজুল (৩৬), আব্দুল্লাহ (৪২) ও সাইফুল (৪০)। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া গুরুতর আহত হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীর (৪৫)-কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ধনপুর গ্রামের মতিউর রহমানের লোকজনের সঙ্গে একই গ্রামের তাইজুল ইসলামের লোকজনের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। প্রায় এক মাস আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নয়ন ঘোষ জানান, সংঘর্ষে আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জে আই