দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর পৌরসভার রূপনগর এলাকায় এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। খাটের উপর গলায় ফাঁস লাগানো অবস্থায় নাজমা বেগম (৪২) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক মাদবরের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নাজমা বেগম নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে নাজমা বেগমের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি একমাত্র ছেলে নিলয়কে নিয়ে রূপনগর এলাকার ওই বাসায় দোতলায় ভাড়া থাকতেন। নিলয় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। জীবিকার তাগিদে নাজমা বেগম আশপাশের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নিলয় স্কুলে গেলে নাজমা একাই বাসায় ছিলেন। দুপুরে স্কুল থেকে ফিরে নিলয় মাকে খাটের উপর পড়ে থাকতে দেখে। প্রথমে ঘুমাচ্ছেন ভেবে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখে মায়ের গলায় ফাঁস লাগানো। এরপর সে প্রতিবেশীদের জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নাজমা বেগমের ভাই দ্বীন ইসলাম অভিযোগ করে বলেন, আমার বোনের কিছু স্বর্ণালঙ্কার কিছুদিন আগে বন্দক থেকে ছাড়িয়ে আনা হয়েছিল। সেগুলো বাসায় ছিল। কেউ ওই স্বর্ণালঙ্কারের জন্যই আমার বোনকে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের বিচার চাই।
বাসার মালিকের স্ত্রী নাজমুন নাহার জানান, নাজমা বেগম খুব ভালো মানুষ ছিলেন। কষ্ট করে সংসার চালাতেন। তাকে হত্যা করে গলার ও হাতের গয়না নিয়ে গেছে। বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ঘরের আলমারি খোলা ছিল এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জে আই