দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ১৭ বছর যাবৎ ভয়-ভীতি ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষের জমি দখল ও হয়রানির অভিযোগে ভূমিদস্যু আনোয়ার হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ধুলাস্বার ইউনিয়নের ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীরা জানান, আনোয়ার উকিল হিসেবে পরিচিত এই ব্যক্তি উপজেলার ধুলাস্বার ইউনিয়নের বিভিন্ন এলাকায়—বিশেষত বৌলতলী ও হরেন্দপুর—জমি দখল ও খতিয়ান জালিয়াতির মাধ্যমে নিজের নামে রেকর্ড করার চেষ্টা চালাচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে তিনি ৩০টিরও বেশি চাঁদাবাজি ও জমি দখল সংক্রান্ত মিথ্যা মামলা করেছেন।
বৌলতলী মৌজার ৩২/৩৯ খতিয়ানের ৩১৬৪, ৩১৭৭ থেকে ৩১৮৬ পর্যন্ত এবং হরেন্দপুর মৌজার খতিয়ান নম্বর ৭০২-৩ সম্পর্কিত মামলাগুলো বর্তমানে আদালতে চলমান রয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেন যে, আনোয়ার শক্তিশালী রাজনৈতিক সংযোগের ছত্রছায়ায় অবৈধভাবে জমি দখল, ভয়-ভীতি প্রদর্শন ও ভুয়া দলিল প্রস্তুত করে বহু পরিবারের বসবাসস্থল ও কৃষিজমি থেকে উচ্ছেদ করেছেন। অভিযোগের জেরে তার কাছ থেকে রেহাই পায়নি তার নিজের আপন চাচাও—বক্তারা দাবি করেন, আনোয়ারের করা মিথ্যা মামলার ফলে বহু মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন।
আনোয়ারের বড় চাচা ইব্রাহীম (৭১) বলেন, আনোয়ারের করা মামলাগুলো ভিত্তিহীন। রেকর্ড করা সম্পত্তি বিক্রি করেও আসল মালিকদের দেয় না। আমরা সালিশ-আদালত সঠিক বিচার চাই।” ভুক্তভোগী ৫২ বছরের হাসিনা বলেন, “আনোয়ার বহু বছর ধরে আমাদের জমি দখল করে রেখেছে। জমির কাছে গেলে আমাকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। থানায় গেলে বলেছে তারা কিছু করতে পারে না — আল্লাহর কাছে বলেছে। আমরা সুষ্ঠ ফয়সালা চাই।
কুয়াকাটা সৈকতের ডাব ব্যবসায়ী হারুনও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ তোলেন তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রশাসনও তার পক্ষ নেয়, প্রতিবাদ করলেই হুমকি আসে। আমরা নিজ বাড়িতে নিরাপদ নই।
বক্তারা দাবি করেন, আনোয়ার রাজনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে নিজের অপরাধ থেকে নিজেকে রক্ষায় সক্ষম হয়েছে এবং তাই তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হচ্ছে।
সংবাদ সংগ্রহের সময় অভিযুক্ত আনোয়ার হাওলাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বলেন যে কোর্টে ব্যস্ত আছেন এবং পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
মানববন্ধনে জেলার ভুক্তভোগী, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং স্থানীয় প্রশাসন ও আদালতকে দ্রুত ও সুষ্ঠ তদন্তপূর্বক ন্যায়বিচার দেওয়ার প্রতিশ্রুতি প্রত্যাশা করেন।
জে আই