দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের চৌগাছায় স্বামী ও শাশুড়ির নির্যাতনের কারণে সাত মাসের গর্ভে থাকা সন্তান হারিয়েছেন কিশোরী কাকলী (১৬)। মৃত নবজাতককে কোলে নিয়ে তিনি থানায় অভিযোগ করতে গেলে স্বামীর পরিবারের হুমকিতে ফিরে আসতে বাধ্য হন।
ঘটনাটি চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগর বর্ণি গ্রামে ঘটে। কাকলী জানিয়েছেন, দুই সপ্তাহ আগে তার স্বামী রানা (১৯) তাকে গর্ভাবস্থায় মারধর করেন। এরপর শাশুড়ি রেহেনা বেগম দুই দিন তাকে না খাইয়ে ঘরে আটকে রাখেন।
দীর্ঘ নির্যাতনের পর শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার রাতে কাকলীকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি সাত মাসের মৃত সন্তান প্রসব করেন।
পরদিন রবিবার সকালে কাকলী মৃত নবজাতককে কোলে নিয়ে থানায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দিতে যান। তবে থানার ডিউটি অফিসার জানান, অভিযোগ দিলে নবজাতকের পোস্টমর্টেম করতে হবে। এসময় উপস্থিত স্বামী ও আত্মীয়রা কাকলী ও তার পরিবারের উপর ভয়ভীতি দেখায়। ফলে তারা অভিযোগ না দিয়ে ফিরে আসেন। বিকেলে কাকলীর পরিবার নবজাতককে নিজ বাড়িতে দাফন করে।
কাকলীর ফুফু বলেন, ‘আমার ভাতিজিকে অমানবিকভাবে নির্যাতন করেছে। দুই দিন না খাইয়ে রেখেছিল। সেই নির্যাতনের কারণেই গর্ভের সন্তান মারা গেছে। আমরা থানায় গেলেও হুমকির কারণে শেষ পর্যন্ত বিচার না পেয়ে ফিরে আসতে হলো।’
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এটি পারিবারিক বিষয়। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এমএস/