দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শাহজাহানপুর থানার কনস্টেবল শাহরিয়ার এবং তার টহল দল জীবনকে ঝুঁকিতে ফেলে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্য মাহবুব খানকে (৩৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার মাহবুবের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র এবং হত্যাসহ মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে ১২টি মামলা ডাকাতি ও দস্যুতার। অভিযানের সময় মাহবুবের কাছে ছিল একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি।
ঘটনার বিবরণে জানা যায়, রংপুর থেকে ফরিদপুরগামী দুটি ট্রাকের একটির চাকা পাংচার হলে চালক মো. ফরহাদ মিয়া ট্রাক থামান। তখন মোটরসাইকেলযোগে তিনজন ডাকাত এসে চালক ও হেলপারের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেন। পুলিশের তৎপরতায় দুই ডাকাত পালিয়ে গেলেও মাহবুবকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সে কনস্টেবল শাহরিয়ারের দিকে অস্ত্র তাক করার চেষ্টা করলেও শাহরিয়ার এবং তার সঙ্গীয় সদস্যরা তাকে ধরাশায়ী করতে সক্ষম হন।
শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মাহবুবের নামে নতুন করে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক অপর দুই ডাকাত জাকির (৩৫) ও আশরাফ ওরফে চান্দি আশরাফ কে গ্রেপ্তার এবং লুন্ঠিত অর্থ উদ্ধারের জন্য অভিযান চলছে।
জেলা পুলিশ সুপার জেদান আল মুসা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং অপরাধ দমন করা হবে।
এমএস/