দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ইকবাল হোসেন (২৫) নামে এক কর্মচারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত ইকবাল ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।
পুলিশ জানায়, শনিবার রাতের শিফটে ইকবাল ও বিক্রয় সহকারী রতন দায়িত্বে ছিলেন। সকালে আরেক কর্মচারী কাজে এসে অফিস কক্ষের মেঝেতে ইকবালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর থেকে সেলসম্যান রতনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে আটক করা গেলে হত্যার রহস্য উদ্ঘাটন সহজ হবে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা কিংবা অর্থ লুটের বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিখোঁজ কর্মচারীকে পাওয়া গেলে ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে।
এমএস/