দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে টনসিল অপারেশনের পর জ্ঞান ফেরেনি জিয়াসমিন আক্তার শিল্পী (৩৭) নামে এক গৃহবধূর। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড হাসপাতালে।
জিয়াসমিন দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
স্বজনরা জানান, টনসিলের সমস্যায় ভুগছিলেন জিয়াসমিন। শুক্রবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার করেন চিকিৎসক ডা. এনামুল হক। এনেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. জিয়া। তবে অপারেশনের পর দীর্ঘ সময় পার হলেও জ্ঞান ফেরেনি তার। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তোলেন। তারা জানান, এর আগেও একই হাসপাতালে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ উঠেছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ।
রাতে সেনা ক্যাম্প ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ সমঝোতায় পৌঁছেছে বলে জানা গেছে।
হাসপাতালের চেয়ারম্যান ডা. আরশ্বাদ উল্লাহ দাবি করেছেন, 'ভুল চিকিৎসা নয়, অপারেশন শেষে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। আমরা রোগী পক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছি।'
মানিকগঞ্জ থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'