দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের ব্যানারে একইস্থানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ কারণে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।
আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং একই সময়ে ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশের ঘোষণা দেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, শহীদ মিনার এলাকায় কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
আবেদন সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের অনুমতি চান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
অন্যদিকে, ৫ সেপ্টেম্বর ছাত্র সমাজের পক্ষে রনি মিয়া নামে এক ব্যক্তি একইস্থানে সমাবেশের অনুমতি চান। তবে তার পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর আবেদনে উল্লেখ করা হয়নি। এই সমাবেশ আওয়ামী সরকার বিরোধী ছাত্র নেতাদের উদ্যোগে ডাকা হয়েছে।
এরই মধ্যে উভয় পক্ষই পৌর শহর এলাকায় মাইকিং শুরু করেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ছাত্র সমাজের পক্ষে রনি মিয়া বলেন, 'আমাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে হবে। কোনো বাধা আসলেও নির্ধারিত স্থানেই অনুষ্ঠান করবো।' অন্যদিকে, কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল অভিযোগ করেন, 'আমরা আগে অনুমতি চেয়েছি। আমাদের অনুষ্ঠান বানচালের জন্য তারা একইদিনে সমাবেশ ডাকছে।'
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, 'অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহীদ মিনারে কাউকে অনুষ্ঠান করতে দেওয়া হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম জানান, দুটি আবেদন জমা পড়েছে। বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে এবং সার্বিক অবস্থা বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/