দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার তালা উপজেলায় জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে ভবেন্দ্র দাস (৫৯) নামের এক ব্যক্তিকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আবদুল আহাদ গাজীর বিরুদ্ধে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালার শ্রীমন্ত কাটিগ্রামের ভবেন্দ্র দাস সাড়ে ৯ শতাংশ জমি বিক্রির জন্য প্রায় তিন মাস আগে বালিয়া গ্রামের আবদুল আহাদের সঙ্গে ৬৮ হাজার টাকায় চুক্তি করেন। জমির অগ্রিম হিসেবে আবদুল আহাদ কয়েক দফায় মোট ২৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু নির্ধারিত সময়ে বাকি টাকা না দেওয়ায় ভবেন্দ্র দাস গত ৭ আগস্ট একই জমি দ্বিগুণ মূল্যে ওই গ্রামের হারুন মণ্ডলের কাছে বিক্রি করে দেন।
এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে ভবেন্দ্র দাসকে নিজের বাড়িতে ডেকে নেন আবদুল আহাদ। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে পিছমোড়া করে খুঁটির সঙ্গে বেঁধে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত মারধর করা হয়। পরে ভাতিজা স্বপন দাস এসে দেনা মেটানোর প্রতিশ্রুতি দিলে ১৭ হাজার টাকা পরিশোধ করা হয় এবং বাকি ৮ হাজার টাকা আগামী ১ সেপ্টেম্বর দেওয়ার জন্য সময় নেওয়া হয়।
ছাড়া পাওয়ার পর ভবেন্দ্র দাস অভিযোগ করেন, মারধরের সময় তার ডান কানে আঘাত লাগায় এখন ঠিকমতো শুনতে পাচ্ছেন না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খেশরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আহাদ গাজী বলেন, ভবেন্দ্র আমার সঙ্গে চুক্তি করেও জমি লিখে দিতে টালবাহানা করছিলেন। পরে গোপনে অন্যের কাছে বিক্রি করে দেন। খবর পেয়ে তাকে ডাকা হয়। তবে পরে এলাকাবাসী তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। এ ঘটনায় ভুল হয়েছে।
এ বিষয়ে খেশরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ